নরসিংদীতে অলিম্পিয়াড পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় নরসিংদীর মনোহরদীতে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর আয়োজনে এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সহায়তায় সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পিস অ্যাম্বাসেডর সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান তসলিমের সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গাজীপুর জেলা পরিষদ ৮০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে রাজনৈতিক, ধর্মীয়, জাতীয় সম্প্রীতি, শান্তি ও সহাবস্থান বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নের ওপর একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দশজন (১০ জন) শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এসময় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির মৃধা, পিএফজি সদস্য শফিকুল আলম সোহেল, ওয়াইপিএজি’র কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন আকাশ, খন্দকার আমানুল্লাহ, শহীদুল্লাহ, আফসানা জামান বৃষ্টি, ফারহানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন: রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

বক্তারা বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এ ধরনের সম্প্রীতি অলিম্পিয়াড প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা জরুরি। আজকের অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী প্রশ্নোত্তরের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বিষয়ে যে শিক্ষা অর্জন করেছে, আশা করা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা এর প্রয়োগ ঘটাবে।

বক্তারা আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান ছাড়া কোনো জাতি সামগ্রিকভাবে উন্নয়ন ঘটাতে পারে না।

সমাবেশের শেষ পর্যায়ে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।