চলছে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে ‘ইয়াসিন বাহিনীর গুলি’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে একদল সন্ত্রাসী হঠাৎ র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে।

র‍্যাব জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় অভিযান শুরু করা হয়েছে। বর্তমানে জঙ্গল সলিমপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান বলেন, “সন্ত্রাসীদের একটি পক্ষ আমাদের ক্যাম্পে আক্রমণ করেছে। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো সন্ত্রাসী গোষ্ঠীকেই ছাড় দেওয়া হবে না।”

এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন। ওই ঘটনার পর গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় ৪ হাজার সদস্য অংশ নিয়ে জঙ্গল সলিমপুরে বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: কালিহাতিতে ট্রাক উল্টে ১৭ জন নিহত

দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে পরিচিত এই পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার ও অনেককে গ্রেপ্তার করা হয়। এরপর নিরাপত্তা জোরদারে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় র‍্যাব ও পুলিশের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।