জৈন্তাপুরে ১২১ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন সারিঘাট বাজার এলাকায় অবস্থানকালে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জৈন্তাপুর বাজারের উত্তর পাশে মাস্থিংহাটি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিদেশী মদ বিক্রির উদ্দেশ্যে একটি সিএনজিযোগে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিএনজির সিটের পেছনে থাকা ৪টি কালো পলিথিনের ভেতর থেকে ১২১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা
গ্রেফতারকৃতরা হলেন— সবির উদ্দিন (৩৬), পিতা–মঈন উদ্দীন; মো. হাবিবুর রহমান (২৩), পিতা–মৃত সিদ্দেক আলী; উভয় সাং–উজুহাত এবং সাজু আহমদ (২৩), পিতা–মো. ফখরুল ইসলাম, সাং–গোয়াখাই, থানা–গোয়াইনঘাট, জেলা–সিলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃতদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।





