শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা
শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করা হয়েছে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক নোটিশে আলী আজম সাব্বিরকে অব্যাহতি ও শোকজ দেওয়া হয়। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
জানা গেছে, সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। কয়েকজন নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকার অভিযোগ, তিনি তাদের মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠাতেন এবং অশালীন আচরণ করতেন। পরে গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন এবং একজন তাকে জুতাপেটা করেন। ঘটনার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, শিক্ষিকা ও নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর ঘটনাটি ঘটে। পরে আলী আজম সাব্বির লিখিতভাবে নিজের দোষ স্বীকার করে অঙ্গীকারনামা দেন।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
তিনি আরও বলেন, প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সাব্বিরকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে তিন দিনের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।





