নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু, আহত ৩

Sanchoy Biswas
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় বাসচাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার দুই মেয়ে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘দিগন্ত মেগা শপ’, গ্রামীণ জনপদে শহরের ছোঁয়া

নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) এবং ছোট মেয়ে ইতি আক্তার (১০)।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী বাবর মিয়ার ভাষ্য অনুযায়ী, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয় যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, কুমিল্লায় তীব্র গ্যাস সংকট

দুর্ঘটনায় আহত অপর তিনজনকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও পরে আরও দুইজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।