পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ০২

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে র‌্যাব-৮ এর এক অভিযানে আট কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকালে দুমকী থানার লেবুখালী পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—মোঃ সুমন হাওলাদার এবং তার সহযোগী জামাল মৃধা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে মাদক ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে গাঁজার একটি বড় চালান নিয়ে আসছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের দলটি লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন: কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেলো ৫ গরু

তল্লাশি চলাকালে বাসের যাত্রী মোঃ সুমন হাওলাদারের হেফাজতে থাকা একটি লাগেজ থেকে কসটেপ ও পলিথিন দিয়ে নিখুঁতভাবে মোড়ানো অবস্থায় ০৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সুমনকে হাতেনাতে আটক করে র‌্যাব। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে এই চক্রের অপর সহযোগী জামাল মৃধাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামিদের পটুয়াখালীর দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানান, "মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"