প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কিশোরগঞ্জের ছয় কৃতি সন্তানের নেতৃত্বে যুবদল আরও সমৃদ্ধ

Sanchoy Biswas
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ৭:৩৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে কিশোরগঞ্জের ছয় কৃতি সন্তানের গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদলের এই ছয় নেতা।

বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম এবং যুবদলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী নিহত

যুবদলের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী শরিফুল আলমের কাছে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা কামনা করেন। পাশাপাশি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মান জানান। প্রতিমন্ত্রীও নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন: পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সবুজ, সাহিত্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মূর্তজা কামাল মুশতাক এবং মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম আক্তার।

উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই ছয় নেতাই কিশোরগঞ্জ জেলার সন্তান। তাঁদের গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি এবং সক্রিয় সাংগঠনিক ভূমিকা জেলার নেতাকর্মীদের মাঝে নতুন আশাবাদ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষ, শিক্ষিত ও অভিজ্ঞ এই নেতৃত্ব যুবদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।