ভৈরব থানার ওসি আতাউর রহমান প্রত্যাহার, পুলিশ লাইনসে সংযুক্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ৫:০৯ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ভৈরব থানা থেকে সরিয়ে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ভৈরব এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বিষয়টি উচ্চপর্যায়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ওসি আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ বলেন, “ওসি আতাউর রহমান আকন্দকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত।”

তবে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন কোনো কর্মকর্তার নাম এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে ওসির প্রত্যাহারের খবরে ভৈরবজুড়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, সাম্প্রতিক সংঘর্ষ এবং মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, ভৈরবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।