আখাউড়ায় বিদ্যালয়ের মেয়েদের ক্রীড়া সাফল্যে উচ্ছ্বাস, সংবর্ধনা দিল ভূঁইয়া ফাউন্ডেশন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই সাফল্যকে অসাধারণ বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ
কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘নতুন কুঁড়ি’ শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতায় এ বিদ্যালয়ের মেয়েরা জেলা পর্যায়ে সাফল্য এনে এলাকার মুখ উজ্জ্বল করেছে।
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এটি মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখে। গ্রামের শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা গর্বিত।
আরও পড়ুন: একতা এক্সপ্রেস লাইনচ্যুত, থমকে উত্তরবঙ্গের রেলপথ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ আনন্দ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দল ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।





