গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
গ্রেপ্তারের একদিনের মাথায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
কারাগার সূত্রে জানা যায়, বুধবার সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সনদে শ্বাসকষ্টজনিত জটিলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বুধবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
তিনি আরও বলেন, কারাগারে আনার সময় নুরুল আলম সুস্থ ছিলেন এবং তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাতেও তিনি কোনো শারীরিক সমস্যার কথা জানাননি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। থানায় অবস্থানকালে তিনি সুস্থ ছিলেন এবং তাকে কোনো ধরনের মারধর করা হয়নি বলেও দাবি করেন তিনি।





