পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

Sadek Ali
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪০ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে পিলারের আশপাশ থেকে মাটি অপসারণে রেললাইন বা সেতুর কাঠামোর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বরং এর মাধ্যমে পরিবেশ ও প্রকল্পের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী সাব্বির-জুয়েলকে সংবর্ধনা

মন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণকাজের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে যে মাটি ভরাট করা হয়েছিল, প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী এখন সেই মাটি অপসারণ করা হচ্ছে। এটি প্রকল্প বাস্তবায়নের স্বাভাবিক ও পরিকল্পিত একটি ধাপ।

তিনি আরও বলেন, ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না। বরং প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার স্বার্থেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: যত্রতত্র ময়লা না ফেলার প্রতিজ্ঞা সবার হওয়া উচিত: সিডিএ চেয়ারম্যান

শেখ রবিউল আলম জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার এলাকার মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট গভীর পর্যন্ত মাটি অপসারণ করা হবে।

তিনি বলেন, পুরো কাঠামো প্রকৌশলগতভাবে সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রেলওয়ে দেশের স্বার্থে প্রকল্পের নকশা ও প্রকৌশল নির্দেশনা অনুসরণ করেই কাজ পরিচালনা করছে। মাটি অপসারণের ফলে প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।