স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে পৌর শহরের বাসাইল এলাকায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: অব্যাহতির সাত বছর পরও ‘আওয়ামী ট্যাগে’ মামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চেয়ারম্যানের

তিনি বলেন, ট্রান্সফার বা বদলি আমি বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি, ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে। এগুলোকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে তোলার পাশাপাশি আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। সেই সঙ্গে আমরা স্বাস্থ্যখাতে এ বছরই একটি বিপ্লবের সূচনা করতে চাই। প্রতিটি ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি, যাতে করে জনগণের উন্নয়ন করা যায়। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। এবারের বাজেট কোনো টাকার বাজেট নয়, আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: মাদকের বিরুদ্ধে প্রতিবাদে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা হচ্ছে। নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে হবে শিক্ষার্থীদের ক্লাস। আর নরসিংদী নার্সিং ইনস্টিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে।

তিনি বলেন, নরসিংদী মেডিকেল কলেজ স্থাপনের জন্য জায়গা দেখা হচ্ছে। খুব শিগগিরই আমরা জায়গা নির্ধারণ করে সেখানে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করব। চীনের সহযোগিতায় যে অত্যাধুনিক ১৮টি হাসপাতাল বাংলাদেশে হবে, এর একটি হবে নরসিংদীতে। তবে চেষ্টা করব শহরের আশপাশে করতে।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।