মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাইফুর সাগরের মানহানির মামলা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১১:০৭ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দাতব্য সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন অনলাইন নিউজ পোর্টাল ফেস দ্য পিপল-এর প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর। ফেস দ্য পিপলে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে বিকৃত তথ্য প্রচারের অভিযোগে এ মামলা করা হয়েছে।

গত বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

মামলার আরজি থেকে জানা যায়, সম্প্রতি ফেস দ্য পিপল-এ “যাকাতের টাকায় সুদের কারবার, আল্লাহর সন্তুষ্টির নামে মাস্তুলের অভিনব প্রতারণা” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, এ প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সম্পাদিত ও বিকৃত (এডিটেড) ভিডিও এবং অডিও প্রকাশ করে। ওই ভিডিওতে সাইফুর সাগরের বক্তব্য ও কথোপকথন বিকৃত করে তাঁকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

বাদীপক্ষের দাবি, এ বিভ্রান্তিকর ও বিকৃত প্রচারণার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে, যা সাইফুর সাগরের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

বক্তব্য বিকৃত করে সামাজিকভাবে হেনস্তা করার এ ঘটনায় নিজের ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি সংকটের কথা উল্লেখ করে আদালতের কাছে সুষ্ঠু বিচার ও আইনি প্রতিকার চেয়েছেন সম্পাদক সাইফুর সাগর।