১৭ নয় হত্যা মামলা ৫টি, অতিরঞ্জিত না লিখে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান: জিএমপি কমিশনার
হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে অতিরঞ্জিত বা বস্তুনিষ্ঠতাবিহীন তথ্য প্রকাশ জনমনে অযথা নিরাপত্তা-শঙ্কা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার। একই সঙ্গে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও সত্যনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার জিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জাতীয় দৈনিকে গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে গত মে মাসে ১৭টি হত্যাকাণ্ডের দাবি করা হয়েছে। তবে জিএমপির তথ্য অনুযায়ী, ওই সময়ে মহানগর এলাকায় হত্যা মামলা রেকর্ড হয়েছে মাত্র ৫টি।
পুলিশ কমিশনার বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে মাত্র দুটি হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হলেও বাকি ১৫টি ঘটনার কোনো তথ্য, স্থান বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি, যা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
জিএমপি জানায়, মে মাসে দায়ের হওয়া পাঁচটি হত্যা মামলার মধ্যে চারটির রহস্য ইতোমধ্যে উদ্ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। অপর একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। তাই মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে বিভ্রান্তি বা অযথা উদ্বেগ সৃষ্টি এড়াতে সব গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যাশা করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।





