চট্টগ্রামে রেললাইনে পানি, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ২:৩৬ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। নগরীর ষোলশহর এলাকায় আটকে থাকা ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন। এতে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ষোলশহর এলাকায় আটকে যায়। আকস্মিকভাবে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।

আরও পড়ুন: কর্মধায় মানবিক রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর পানি জমে যায়।

রেললাইনে পানি বেড়ে যাওয়ায় ইঞ্জিনে পানি ঢুকে যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। এরপর থেকেই ট্রেনটি ওই স্থানে আটকে রয়েছে।

আরও পড়ুন: সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। ট্রেনটি উদ্ধার করতে বিকল্প একটি ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটির মাধ্যমে ট্রেনটিকে পেছনে টেনে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

জানালিহাট স্টেশনমাস্টার নেজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, রেললাইনের ওপর পানি জমে থাকায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেসে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।