ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৫৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ
ছবিঃ সংগৃহীত
ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা জেলার পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা। পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকের অবৈধ পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়া সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও অপারেশনাল উদ্যোগের পাশাপাশি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





