আল্লামা বাবুনগরীর নেতৃত্বে ৭ ইসলামী দলের ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২৪ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ধারার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়িস্থ জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেলো ৫ গরু

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এ ছাড়া সভায় মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ জান্নাতুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী

সভায় অংশ নেওয়া সাতটি ইসলামী দলের নেতাদের উদ্দেশ্যে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানানো হয়। উপস্থিত নেতারা এ বিষয়ে একমত পোষণ করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন।

সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। নেতারা বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এখন সময়ের দাবি।

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সংগঠনের জেলা ও উপজেলা শাখাগুলোকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।