নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিক্ষার্থী নিহত

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৪:৫০ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা গ্রামের কাকন নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিহত সবাই শিশু এবং বড়কান্দা গ্রামের বাসিন্দা বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

তারা হলেন—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), আশেয়া (১০) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে লালমনিরহাটে পালিত হলো জুলাই শহীদ দিবস

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে ৭-৮ জন শিক্ষার্থী মিলে কাকন নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে বাকিরাও পানিতে ডুবে যায়।

এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হলে একজনকে বাড়িতে নেওয়ার পর মারা যায়। এছাড়া আরও একজন শিশু নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।