থাপ্পড় নিয়ে দেশ-বিদেশে যতো কাণ্ড

Sadek Ali
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একটি চড় বা থাপ্পড় কখনো কখনো শুধু একজন মানুষের গালে পড়ে না, আঘাত করে সমাজের বিবেকেও। টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুর সঙ্গে শিক্ষকের অনুচিত আচরণের অভিযোগকে কেন্দ্র করে অভিভাবকের হাতে শিক্ষককে থাপ্পড় খাওয়ার ঘটনা আমাদের সামনে তেমনই এক অস্বস্তিকর বাস্তবতা হাজির করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটির সঙ্গে চুমুর প্রসঙ্গ উঠতেই ক্ষুব্ধ অভিভাবক অভিযুক্ত শিক্ষকের গায়ে হাত তুলছেন। দৃশ্যটি দেখে কারও মনে ক্ষোভ, কারও মনে সমর্থন, কারও মনে প্রশ্ন—একজন শিক্ষক কীভাবে এমন আচরণ করতে পারেন, আবার একজন অভিভাবক আইন নিজের হাতে তুলে নিতে পারেন কীভাবে? রাজনীতিতে ‘থাপ্পড় কাণ্ড’ বা প্রকাশ্যে চড় মারার ঘটনা নতুন কিছু নয়। দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিংবা সাধারণ মানুষের প্রতিবাদের অংশ হিসেবে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে, যা বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য এখন লাখো মানুষের মোবাইল ফোনের পর্দায়। শিশুটির বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন ‘থাপ্পড়ম্যান’ নামে। কেউ তাঁকে বীর বলছেন, কেউ বলছেন অপরাধী। অভিযুক্ত শিক্ষক এখন কারাগারে। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বাবার বিরুদ্ধে ভাঙচুর, শিক্ষকদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে পাল্টা মামলা করেছে, বাবা লুটের অভিযোগ অস্বীকার করে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে গ্রেফতারে অভিযান নিয়েও এসেছে পরস্পরবিরোধী খবর। মনে রাখা দরকার, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কিংবা বাবার বিরুদ্ধে মাদ্রাসার অভিযোগ—কোনোটিই এখনো আদালতে প্রমাণিত নয়। অথচ মুহূর্তেই একটি থাপ্পড় সব মনোযোগের কেন্দ্রে চলে এসেছে। এমন থাপ্পড় কাণ্ড এর আগে কখনো ঘটেছে চলচ্চিত্রের মঞ্চে, কখনো রাজনৈতিক পরিসরে, কখনো আবার ক্রিকেট মাঠে। বিভিন্ন সময়ে এমন থাপ্পড়কাণ্ড তোলপাড় সৃষ্টি করেছে বিশ্ব জুড়ে। গাজীপুরের টঙ্গীর মাদ্রাসার ওই থাপ্পড় ঘটনার আগে বাংলাদেশে অনেক থাপ্পড় কাহিনীর জন্ম হয়েছিল। যা অনেকে ভুলে গেছেন। বাংলাবাজার পত্রিকার পাঠকদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের এবং বাংলাদেশে সম্প্রতিক ঘটে যাওয়া কিছু থাপ্পড় কাণ্ড নিয়ে আলোচনা করা হল।

আরও পড়ুন: ইশরাকের যত বিতর্কিত কর্মকাণ্ড

বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে সবচেয়ে আলোচিত ঘটনা এটি। গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে শিক্ষকের আপত্তিকরভাবে চুমু খাওয়ার অভিযোগ ওঠে। এরপর শিশুটির বাবা (শাহজালাল রুমি) মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে প্রকাশ্যে একটি থাপ্পড় মারেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র পক্ষে-বিপক্ষে বিতর্কের জন্ম দেয়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড়: ২০২১ সালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভ্যালেন্স অঞ্চলে সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এক ব্যক্তি প্রকাশ্যে থাপ্পড় মারেন। ম্যাক্রোঁ যখন হাত মেলানোর জন্য সাধারণ মানুষের দিকে এগিয়ে যান, তখন ড্যামিয়েন তারেল নামের এক যুবক ‘ডাউন উইথ ম্যাক্রোঁবাদ’ শ্লোগান দিয়ে তাঁর গালে চড় বসিয়ে দেয়। এই ঘটনায় ওই যুবককে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: মব সন্ত্রাসে আতঙ্ক চারদিকে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় : রাজনীতির মাঠে ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একাধিকবার চড়ের মুখোমুখি হয়েছেন। ২০১৪ সালে দিল্লির সুলতানপুরী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এক অটোচালক তাঁকে মালা পরানোর বাহানায় এসে হঠাৎ চড় মারেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের রোড শো চলাকালীন সুরেশ নামের এক যুবক হুডখোলা গাড়িতে উঠে কেজরিওয়ালকে সপাটে থাপ্পড় মারেন।

অস্কারের মঞ্চে থাপ্পড় : ২০২২ সালের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অস্কার অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস রক অভিনেতা উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথের চুল নিয়ে কৌতুক করেন। এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চে উঠে রককে থাপ্পড় মারেন স্মিথ। সরাসরি সম্প্রচারিত এ দৃশ্য মুহূর্তেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। পরে স্মিথ ক্ষমা চান। অস্কার আয়োজক একাডেমি তাকে ১০ বছরের জন্য তাদের অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে।

কঙ্গনা রানাওয়াতকে চড় : হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভারতের লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, চণ্ডীগড় বিমানবন্দরে এক নারী সিআইএসএফ কনস্টেবল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড় মারেন। অতীতে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার একটি বিতর্কিত মন্তব্যের ক্ষোভ থেকে ওই নিরাপত্তারক্ষী এটি করেছিলেন

লস অ্যাঞ্জেলেসে সাংবাদিককে থাপ্পড়: ২০১৭ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের লালগালিচায় সাক্ষাৎকার দিচ্ছিলেন মেক্সিকান অভিনেতা এদুয়ার্দো ইয়ানেজ। সাংবাদিক পাকো ফুয়েন্তেস অভিনেতার ছেলের গাড়ি দুর্ঘটনা এবং অনলাইনে অর্থ সংগ্রহের বিষয়ে প্রশ্ন করেন। কথোপকথনের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের মুখে থাপ্পড় মারেন ইয়ানেজ। ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে অভিনেতা নিজের আচরণের জন্য ক্ষমা চান।

ক্রিকেট মাঠে চড় কাণ্ড: ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচের পর ভারতীয় ক্রিকেটার এস শ্রীশান্থকে থাপ্পড় মারেন হরভজন সিং। টেলিভিশনের ছবিতে শ্রীশান্থকে কাঁদতে দেখা যায়। ঘটনাটি ‘স্ল্যাপগেট’ নামে পরিচিতি পায়। শাস্তি হিসেবে হরভজনকে আইপিএলের বাকি অংশ থেকে নিষিদ্ধ করা হয়। ক্রিকেটের মাঠ ছাড়িয়ে ঘটনাটি তখন সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সিডনি পোয়াটিয়ের ঐতিহাসিক চড় : হলিউড সিনেমা ‘ইন দ্য হিট অফ দ্য নাইট’ এ কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটিয়েরের চড়টি সিনেমার ইতিহাসে বর্ণবাদের বিরুদ্ধে এক যুগান্তকারী প্রতীক। সিনেমায় একজন শ্বেতাঙ্গ জমিদার পোয়াটিয়েরকে চড় মারলে, তিনি তাৎক্ষণিকভাবে সেই শ্বেতাঙ্গ ব্যক্তিকে পাল্টা চড় মারেন। সেই সময়ে আমেরিকার প্রেক্ষাপটে একজন কৃষ্ণাঙ্গ মানুষের শ্বেতাঙ্গকে পাল্টা চড় মারার দৃশ্যটি ছিল অত্যন্ত সাহসী এবং ঐতিহাসিক।

ফরাসি ক্যাফেতে তরুণীর মোক্ষম জবাব : ফ্রান্সের প্যারিসের একটি ক্যাফের সামনে মেরি লাগুয়েরে নামের ২২ বছর বয়সী এক তরুণীকে এক ব্যক্তি রাস্তাঘাটে নোংরা মন্তব্য ও উত্যক্ত করছিল। তরুণীটি যখন এর প্রতিবাদ করেন, তখন ওই ব্যক্তি তাকে প্রকাশ্যে একটি জোরালো থাপ্পড় মারে। ক্যাফের সিসিটিভি ফুটেজে এই ঘটনাটি ধরা পড়ে এবং ভিডিওটি ভাইরালে রূপ নিলে বিশ্বব্যাপী আন্দোলন নতুন মাত্রা পায়। পরবর্তীতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেলে পাঠায়।

অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গ : তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও সাংসদ অভিষেক ব্যানার্জি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে রাজনৈতিক সহিংসতায় নিহত এক কর্মীর পরিবারকে দেখতে গেলে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন। সেখানে তাঁকে চড় মারা হয় এবং জুতো ও ডিম ছুড়ে মারা হয়।

কৃষিমন্ত্রী শরদ পাওয়ারকে চড় : ২০১১ সালে ভারতের তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ারকে দিল্লির একটি সরকারি ভবনে প্রকাশ্যেই চড় মারেন হারবিন্দর সিং নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি দাবি করেছিলেন, দুর্নীতি ও মূল্যস্ফীতির প্রতি তীব্র ক্ষোভ থেকে তিনি এই কাজ করেছেন।

সেনেগাল পার্লামেন্ট নারী সাংসদকে চড় : ২০২২ সেনেগালের জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালীন এক পুরুষ বিরোধীদলীয় সাংসদ (ম্যাসাতা সাম্ব) পোডিয়াম থেকে নেমে এসে ক্ষমতাসীন দলের নারী সাংসদকে (অ্যামি এনদিয়ায়ে) চড় মারেন। এর পরপরই পুরো পার্লামেন্টে হাতাহাতি ও চেয়ার ছড়াছড়ির ঘটনা ঘটে।

মোহাম্মদ ওল্ড আবদেল আজিজ (মৌরিতানিয়া) : ২০১২ সালে আফ্রিকার দেশ মৌরিতানিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ ওল্ড আবদেল আজিজ একটি জনাকীর্ণ এলাকায় গাড়ি বহর থামিয়ে জনগণের সাথে কথা বলার সময় এক ক্ষুব্ধ নাগরিকের কাছ থেকে চড়-থাপ্পড়ের মতো হামলার শিকার হয়েছিলেন, যা পরবর্তীতে ওই দেশের রাজনীতিতে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করে।

ফকিরহাটের ইউএনও’র থাপ্পড় কাণ্ড : ২০২৩ সালের মার্চ মাসে বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে একটি সরকারি গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। অভিযোগ ওঠে, ফকিরহাটের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন গাড়ি থেকে নেমে ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে প্রকাশ্যে থাপ্পড় মারেন। একজন জনপ্রতিনিধিকে সরকারি কর্মকর্তার থাপ্পড় মারার ঘটনা ও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তীব্র সমালোচনার মুখে ওই ইউএনও-কে ফকিরহাট থেকে প্রত্যাহার করা হয়।

নেত্রকোনায় স্কুল শিক্ষিকাকে থাপ্পড় : চলতি মাসে নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের একটি সাধারণ সভা চলাকালীন প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষক খুরশেদ আলমের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় খুরশেদ আলমের স্ত্রী ও একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা কথা বলতে গেলে খুরশেদ আলম “কথা কস ক্যারে” বলে সবার সামনে ওই শিক্ষিকাকে সজোরে থাপ্পড় মারেন। ২০ দিন আগের ঘটনা হলেও এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং শিক্ষা বিভাগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।

এমপি কর্তৃক চড় : বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন সংসদ সদস্য (যেমন- রাজশাহী ও চট্টগ্রামের সাবেক এমপি) নির্বাচনী এলাকায় নেতাকর্মী, শিক্ষক কিংবা সরকারি কর্মচারীকে চড়-থাপ্পড় মেরে সংবাদ শিরোনাম হয়েছিলেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা কুড়িয়েছিল। ২০২৪ সালের ডামি সাধারণ নির্বাচনের দিন এবং বিভিন্ন সময়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাধারণ ভোটার বা সাংবাদিকদের রাজনৈতিক ক্যাডার কিংবা প্রার্থীদের থাপ্পড় মারার একাধিক ঘটনা দেশের মিডিয়ায় আলোড়ন ফেলেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ থাপ্পড় কাণ্ডই ক্ষমতার অপব্যবহার, তাৎক্ষণিক ক্ষোভ (মব মেন্টালিটি) কিংবা নৈতিক স্খলনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে সাধারণ মানুষের প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ হিসেবে দেখা গেছে।

রাশিয়ায় চড় প্রতিযোগিতা : ২০১৯ সাল থেকে রাশিয়ায় প্রাতিষ্ঠানিক রূপ পায় ‘মেল স্ল্যাপিং চ্যাম্পিয়নশিপ’।

দুজন প্রতিযোগী একটি টেবিলের দুই পাশে মুখোমুখি দাঁড়ান। কোনো রকম আত্মরক্ষা বা মাথা না নাড়িয়ে একে অপরকে সপাট চড় মারেন। যে যত বেশি চড় সহ্য করতে পারেন বা প্রতিপক্ষকে নকআউট করতে পারেন, তিনিই বিজয়ী হন। বর্তমানে এটি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে এবং এতে কোটি টাকার প্রাইজমানিও দেওয়া হয়।

আমেরিকায় পেশাদার থাপ্পড় লড়াই : আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ এর প্রধান ডানা হোয়াইটের হাত ধরে আমেরিকায় শুরু হয় পেশাদার থাপ্পড় লড়াই ‘পাওয়ার স্ল্যাপ’। এটি এখন লাইভ স্ট্রিমিং এবং স্পোর্টস চ্যানেলগুলোতে নিয়মিত সম্প্রচার করা হয়, যা তরুণদের মাঝে তুমুল জনপ্রিয়।

উপভোগ্য মনে হলেও এই খেলার স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি। চিকিৎসকদের মতে, এই খেলায় কোনো ডিফেন্স বা আত্মরক্ষার সুযোগ না থাকায় মস্তিষ্কে গুরুতর আঘাত (কনকাশন) লাগার ঝুঁকি থাকে। এই স্বাস্থ্যঝুঁকির কারণে ২০২৫ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত প্রথম স্ল্যাপ ফাইটিং ইভেন্টটি তীব্র সমালোচনার মুখে বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।