শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে লালমনিরহাটে পালিত হলো জুলাই শহীদ দিবস
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে লালমনিরহাটে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনা সভার শুরুতেই জুলাইয়ের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের সাহস, দেশপ্রেম ও আত্মোৎসর্গ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলছে ১৬টি জলকপাট
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাঁদের আদর্শকে ধারণ করে সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
জেলা পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সেবার মান আরও উন্নত করার মাধ্যমে শহীদদের আদর্শ বাস্তবায়নে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তাঁদের স্মৃতি সংরক্ষণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের চেতনা তুলে ধরতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচির সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে ছিল লালমনিরহাট জেলা প্রশাসন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।





