বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে ছিল, আছে ও থাকবে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ চলমান রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষ হলে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ত্রাণ বিতরণের পর তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়গুলো শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেন।
আরও পড়ুন: কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে বিদ্যুৎ চুরি, মিটার জব্দ, মামলা
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সংসদ সদস্য (সংরক্ষিত) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





