হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, আহত সারজিস আলম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, হামলার সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: নান্দাইলে বিএনপি নেতার পরলোকগমনে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা পালন করেনি। হামলাকারীরা মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং গাড়িচালক থেকে শুরু করে মিডিয়া টিমের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সারজিস আলমের ওপরও হামলা করা হয় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ঢাকা-যমুনা মহাসড়কে গ্যাস লাইনে ফাটল, যান চলাচলে ধীর গতি

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। এতে কারও হাত ও কারও পা ভেঙে গেছে এবং অনেকেই রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন বলে তিনি দাবি করেন।

তিনি এ ঘটনাকে ন্যাক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের মদদদাতা এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার দাবি জানান।