শেরপুরে ৫ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি

Sadek Ali
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরে ৫ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।

আরও পড়ুন: ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবির আন্দোলন ঘিরে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার নেতা সানাউল ইসলাম বাবু বলেন, দাবি আদায়ে গত তিন দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় সারাদেশের সঙ্গে শেরপুরেও অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হবে। মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত না এলে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।

সমিতির ৫ দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা। হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ। লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনকারী অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত সুবিধার আওতায় আনা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

আরও পড়ুন: কাশিয়ানীতে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

সমিতির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি উপেক্ষিত থাকায় জরুরি রোগী পরিবহন সেবা ব্যাহত হচ্ছে। করোনাকালে স্বজনরা যখন রোগীদের পাশে যেতে ভয় পেয়েছিলেন। তখনও অ্যাম্বুলেন্সকর্মীরা জীবনবাজি রেখে দায়িত্ব পালন করেছেন। তাই দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে জেলা শাখার আবুল হাশেম, এম এ মান্নান, মাহমুদুল হাসান মনা ও শামীম হোসেন উপস্থিত ছিলেন।