আশুলিয়ায় বিকেএসপির আবাসিক ছাত্রের মৃত্যু, দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের প্রাথমিক ধারণা

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১:৩৭ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর এক আবাসিক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সীমানা প্রাচীর টপকে বাইরে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় অবস্থিত বিকেএসপি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: উলিপুরে ১০০ বছরের পারিবারিক রাস্তা বাঁশের খুটি ও টিন দিয়ে বন্ধের অভিযোগ, থানায় লিখিত ডায়েরি

নিহত ইয়াসির আহমেদ জীম (ক্যারাতে, ক্যাডেট নং-৭২) বিকেএসপি কলেজের দশম শ্রেণির আবাসিক ছাত্র। তিনি মেঘনা ছাত্রাবাসে থাকতেন। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ২টার দিকে জীম বিকেএসপির সীমানা প্রাচীর টপকে বাইরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি দেখতে পেয়ে অন্য শিক্ষার্থীরা বিকেএসপি কর্তৃপক্ষকে অবহিত করেন। রাত ৩টা ৪৫ মিনিটের দিকে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিকভাবে তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জানা গেছে, বিকেএসপির চারপাশে প্রায় ১২ ফুট উঁচু সীমানা প্রাচীরের ওপর কাঁটাতারের ফেন্সিং রয়েছে, যা টপকে যাওয়া অত্যন্ত কঠিন। এদিকে, অতীতে প্রতিষ্ঠানটির ছাত্রাবাসে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠার ঘটনাও রয়েছে। তবে জীমের মৃত্যুর সঙ্গে এমন কোনো ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।