৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১টার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী নিহত

এ সময় কয়েকজন চোরাকারবারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মাদক বহন করে নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে মোট ১৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ৬ লিটার বাংলামদ এবং ৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট সাতজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।