২৭ বিসিএসের ৫৬ এএসপিকে প্রশিক্ষণ শেষে পদায়ন
এক বছরের মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রামের ছয় মাস শেষ হওয়ার পর ৫৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) মাঠপর্যায়ে প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এই কর্মকর্তাদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ছয় মাসে সম্পন্ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী দুই বছরে সুবিধাজনক সময়ে তিন মাস করে দুই ধাপে তাদের প্রশিক্ষণের অবশিষ্ট ছয় মাস সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
প্রাথমিক প্রশিক্ষণ শেষে সদ্য নিয়োগপ্রাপ্ত এই এএসপিদের ছয় মাসের বাস্তবভিত্তিক মাঠপর্যায়ের প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে।
কর্মকর্তারা জেলাগুলোতে মাঠপর্যায়ের প্রশিক্ষণ নিলেও প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের মূল পদায়ন সাময়িক সংরক্ষিত (টিআর) পোস্ট হিসেবে ঢাকা পুলিশ সদর দপ্তরেই বহাল থাকবে।
তাদের বেতন-ভাতাদিও পুলিশ সদর দপ্তর থেকেই উত্তোলন করতে হবে।
যোগাযোগ করা হলে পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান বলেন, এই কর্মকর্তারা ২৭তম বিসিএসে নিয়োগ পেয়েছিলেন। তৎকালীন সরকার তাদের নিয়োগ বাতিল করে। তবে সম্প্রতি আদালতের আদেশের মাধ্যমে তারা চাকরি ফিরে পেয়েছেন।
তিনি আরও বলেন, এই কর্মকর্তাদের বয়স এখন প্রায় ৫০ বছরের কাছাকাছি। জীবনের এই পর্যায়ে এসে এক বছরের প্রশিক্ষণ তাদের জন্য কষ্টসাধ্য। তাই সামগ্রিক বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





