৯ আগস্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি, চারদিকে সাজ সাজ রব

Sanchoy Biswas
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট রোববার চট্টগ্রামের ফটিকছড়ি আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সড়কগুলো করা হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কার। এক কথায় চারদিকে সাজ সাজ রব।

আরও পড়ুন: বগুড়ায় আগমন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

এদিকে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তুতি হিসেবে প্রতিদিনই সভা-সমাবেশ চলছে। সাংসদ আলহাজ সরওয়ার আলমগীরের নেতৃত্বেও চলছে নানা কর্মসূচি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখা থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৩৫ মিনিটে ফটিকছড়ির পেলাগাজী দিঘীর মাঠে হেলিকপ্টারে অবতরণের পর ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাঁর দোয়া গ্রহণ করবেন।

আরও পড়ুন: বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৫

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

বিকেল ২টা ৩০ মিনিটে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে অবস্থান ও মোনাজাতে অংশ নেবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় মতবিনিময় সভায় অংশগ্রহণ, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা পুনর্বাসন অনুষ্ঠানে উপস্থিতি এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সফর শেষে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হচ্ছে পুরো এলাকা।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। জিয়ার ঘাতক জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির খৈয়া চা-বাগান এলাকা থেকে এ অঞ্চলের মানুষ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সম্প্রতি জাফতনগরে একটি অনুষ্ঠানে বলেছিলাম, আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে আসবেন। ইনশাআল্লাহ, ৯ আগস্ট তিনি ফটিকছড়িতে পা রাখবেন।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। দলীয় নেতা-কর্মীরা প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকাকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমরা শতভাগ কাজে লাগাতে চাই।”

এমপি বলেন, “তারেক রহমানের ৩১ দফার আলোকে এ বাংলাদেশ পুনর্নির্মাণ হবে।”