গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর নিহত

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৪৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিডিও শুটের সময় সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর মারা গেছেন।

আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে আসছে ৩০০ মেগাওয়াট

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, শাওন মিয়া দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন, অন্যরা তাঁর মোটরসাইকেল চালানোর ভিডিও ধারণ করতেন। সেই ভিডিও তিনি তাঁর ফেসবুকে পোস্ট দিতেন। আজ সকালেও ওই সড়কে তিনি মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। একপর্যায়ে তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে অহরহ ভিডিও বানাতেন। এতে তাঁর ফেসবুক পেজে প্রচুর ভিউ হতো। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। নিহত শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন। তিনি বিগত পাঁচ মাস আগে বিয়ে করেছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সরাইল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তাঁরা আসলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।