শেরপুরে ট্রাকের নিচে চাপা পড়ে চালক-হেলপারসহ নিহত ৩
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক মেরামতের সময় কাঠের জ্যাক সরে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে চালক, হেলপার ও এক মেকানিক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকায় ফায়ার সার্ভিসের কাছাকাছি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পদ্মার পানি বাড়ায় শিবগঞ্জে পানিবন্দী ১০ হাজার মানুষ
স্থানীয়দের ভাষ্য, কাঠবোঝাই একটি মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যাওয়ায় মহাসড়কের ওপরই কাঠের জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামতের কাজ করছিলেন তিনজন। কাজ চলার একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে গেলে ভারী কাঠবোঝাই ট্রাকটি নিচে থাকা তিনজনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে ট্রাকের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার
এ ঘটনায় মহাসড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে যানবাহন মেরামতের বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই এভাবে ঝুঁকি নিয়ে যানবাহন মেরামত করা হলেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এ বিষয়ে হাইওয়ে পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





