আড়াইহাজারে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৩

Sadek Ali
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঐশী পোদ্দার নামে তিন মাসের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

​বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিম পাড়া এলাকার স্বামী শান্ত রায়ের বাড়ি থেকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: ধামরাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবা গ্রেপ্তার

​নিহত ঐশী পোদ্দার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ষাড়পাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে।

​নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র তিন মাস আগে মোটা অংকের যৌতুক দিয়ে গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিম পাড়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে শান্ত রায়ের সাথে শাস্ত্র মতে সামাজিকভাবে ঐশীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন ঐশীর ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। বুধবার সকালে খবর পেয়ে স্বজনেরা এসে ঘরের ভেতরে ঐশীর নিথর দেহ দেখতে পান।

আরও পড়ুন: বিদেশি ফল চাষে পাল্টে যাচ্ছে জীবননগরের কৃষকদের জীবন

​সংবাদ পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঐশীর স্বামী শান্ত রায়, শ্বশুর শিবু চন্দ্র রায় ও শাশুড়িকে আটক করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

​এদিকে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় গভীর শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।