রূপগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উদযাপন

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব-২০২৬ উপলক্ষে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রূপগঞ্জের শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও শ্রীকৃষ্ণের মহা অভিষেকের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি হাজী আবু মুহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায় এবং শ্রী শ্রীবাস রায় (অপু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন), রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের সভাপতি শ্রী দিগেন বিশ্বাস।

আরও পড়ুন: নওগাঁয় ২০ হাজার চারা রোপণ, সবুজায়নের গুরুত্ব তুলে ধরলেন পরিবেশ প্রতিমন্ত্রী

আয়োজক সূত্রে জানা গেছে, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এ মহোৎসবে থাকছে শ্রীকৃষ্ণের মহা অভিষেক, বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও বিভিন্ন আচার-অনুষ্ঠান। ভক্তদের অংশগ্রহণে পুরো আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাঁর জীবন, কর্ম ও বাণী মানবজাতিকে সত্য, ন্যায়, প্রেম, ভক্তি ও মানবকল্যাণের পথে পরিচালিত করে। তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি।

আরও পড়ুন: কুলাউড়ায় মেয়র পদে কামাল উদ্দিন আহমদ জুনেদের প্রার্থিতা ঘোষণা

হাজী আবু মোহাম্মদ মাসুম বাংলাবাজার পত্রিকাকে বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধের শিক্ষা গ্রহণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসবটি উদযাপন করতে হবে। রূপগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনে আমরা সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।

শ্রী বিধান কৃষ্ণ রায় বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি তিথি। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বাণী ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ধর্ম ও মানবতার পথে চলার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জন্মাষ্টমীর এই শুভক্ষণে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করছি।

আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মহোৎসবে রূপগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সমাগম হবে। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ভক্ত ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।