পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৬,নতুন জিপিএ-৫ ২০৭ জন

Shahrier Islam Pallab
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন শিক্ষার্থী। এছাড়া আরও ১ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্নিরীক্ষণের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশে ফের বেড়েছে লোডশেডিং

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফল প্রকাশের পর বিভিন্ন বিষয়ে ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। নির্ধারিত সময়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন।

আবেদন করা উত্তরপত্রগুলো নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে দেখা যায়, মোট ১ হাজার ৯৪৪ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন।

আরও পড়ুন: ধর্মান্তরিত শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাইকোর্ট

এদিকে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই শেষে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, তারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। মূল ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।