প্রণোদনা প্যাকেজে উদ্যোক্তা নির্বাচনে তদবির চলবে না
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবমুক্ত ও স্বচ্ছ রাখতে এবার চূড়ান্ত নির্বাচনে আমলা বা ব্যাংকারের পরিবর্তে সফল উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের মিলনায়তনে ‘বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের লক্ষ্য: হাবিবুর রশিদ হাবিব
গভর্নর বলেন, প্রণোদনা থেকে অর্থায়নের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির উদ্যোক্তার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রতিটি উপজেলায় একই নীতিতে উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়ন করা হবে। অতীতে প্রভাবশালী ব্যক্তিদের প্রণোদনা প্যাকেজে আগ্রহের বিষয়টি দেখা গেলেও এবার সে সুযোগ রাখা হবে না।
তরুণ উদ্যোক্তাদের বিষয়ে তিনি বলেন, প্রণোদনা প্যাকেজের আওতায় প্রথম পর্যায়ে সারা দেশে ৫ হাজার নতুন তরুণ উদ্যোক্তাকে ঋণ দেওয়া হবে। ২৮ বছরের কম বয়সী এবং সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা রয়েছে এমন তরুণরা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেককে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন
উত্তরবঙ্গে শিল্পায়ন প্রসঙ্গে মোস্তাকুর রহমান বলেন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে প্রণোদনা প্যাকেজে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কৃষি উৎপাদনে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ, সংরক্ষণ, পরিবহন, বিপণন ও অবকাঠামো খাতে ৪০ কোটি টাকা, কৃষিভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য রপ্তানিতে ১৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন করা হচ্ছে।
তিনি বলেন, উত্তরবঙ্গের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ জরুরি। এ জন্য উদ্যোক্তাদের সহজে অর্থায়নের আওতায় আনার পাশাপাশি প্রকল্প নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সভায় বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক সালাহউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন তপাদার, রংপুর কার্যালয়ের পরিচালক একেএম কামরুজ্জামান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, উইমেন চেম্বারের সভাপতি শাহানাজ পারভীন শাহীন, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজু, নাসিক প্ল্যান অ্যান্ড পটের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম, কৃষক মাহির ইসলামসহ রংপুর বিভাগের আট জেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।





