২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পাল আটক হয়েছে। তার কাছ থেকে স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রণজিতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়।

আরও পড়ুন: ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী

এদিকে বিকেলে এ ঘটনায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

আরও পড়ুন: উলিপুরে সারের কোনো সংকট নেই: কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অভিযোগ

ব্যবসায়ীদের অভিযোগ, রণজিত লক্ষ্মীপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী। প্রায় ৩০ বছর ধরে তিনি এ বাজারে ব্যবসা করছেন। তার সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের ভালো সম্পর্ক ছিল। এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখায় এবং বিক্রি করেও থাকে। একইভাবে রণজিত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা আনে। কিন্তু সেগুলো আর ফেরত দেয়নি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাকে কোথাও খোঁজ পাওয়া যায়নি। ভাড়া বাসায়ও তাকে পাওয়া যায়নি। সপরিবারেই সে পালিয়ে গেছে বলে স্থানীয়রা নিশ্চিত হন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর।

পলাশ কুরী বলেন, স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিতের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ করেছি। পুলিশ তাকে আটক করেছে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, বিভিন্ন ব্যবসায়ী থেকে ২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। পুরো স্বর্ণসহ তাকে আটক করা হয়। এজন্য তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আনা হচ্ছে।