নবীনদের বরণ করে নিল কুবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন

Shahrier Islam Pallab
মোঃইহসানুল হক সাকিব, কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (কোইউমুনা)। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ‘ডিপ্লোম্যাটস ইনডাকশন: ওয়েলকামিং দ্য জেনারেশন ১০.০’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির নতুন প্রজন্মের সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাহমিদ তাজওয়ার। এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা প্যানেলের অধ্যাপক ড. মো. মঈনুল হাসান, ড. মো. এমদাদুল হক ও মো. আবু বকর ছিদ্দিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিকলীতে উৎসবের আমেজ, ১৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাসান আবির। অনুষ্ঠানে নবীন সদস্যদের সংগঠনের কার্যক্রম, কূটনৈতিক চর্চা, নেতৃত্বের বিকাশ এবং মডেল ইউনাইটেড নেশনসের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত করানো হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা অধ্যাপক ড. মো. মঈনুল হাসান বলেন, ‘মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক চর্চা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেবে—এটাই প্রত্যাশা। জেনারেশন ১০.০-এর সকল সদস্যের জন্য শুভকামনা রইল।’

আরও পড়ুন: বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু

অনুষ্ঠানের আহ্বায়ক মেহেদী হাসান আবির বলেন, ‘জেনারেশন ১০.০-কে স্বাগত জানানোর এ আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত। আমাদের উদ্দেশ্য শুধু নতুন সদস্যদের বরণ করে নেওয়া নয়, বরং তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, বন্ধন ও কূটনৈতিক চর্চার প্রতি আগ্রহ তৈরি করা। আশা করি, নতুন সদস্যদের অংশগ্রহণে সংগঠনের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে।’

‘ওয়েলকামিং দ্য জেনারেশন ১০.০’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সংগঠনটির নতুন প্রজন্মের আনুষ্ঠানিক পথচলার সূচনা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্ব, যোগাযোগ সক্ষমতা ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।