‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ, বিএনপির ৩ নেতা গ্রেফতার
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সড়ক নির্মাণকাজের এক ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে তাঁদের গ্রেফতার করা হয়। এর আগে একই দিন বিমানবন্দর থানায় ঠিকাদার রুস্তম হাওলাদার বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
গ্রেফতার ব্যক্তিরা হলেন মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), বিএনপি নেতা মো. সাকিব হাওলাদার (৩৫) ও মো. মুবিন মোল্লা (২২)।
বিমানবন্দর থানা-পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুস্তম হাওলাদার। গত শনিবার (৭ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মামলার অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁর ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।
ঠিকাদার রুস্তম আলী অভিযোগ করে বলেন, মাহবুব মোল্লা তাঁর দলবল নিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাঁকে মারধর করানো হয় এবং তাঁর মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।
তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাহবুব মোল্লা বলেন, রুস্তমের কাছে তিনি টাকা পান। ওই সড়কের নির্মাণকাজেও তিনি অংশীদার। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিয়ে নিজের কাছে রেখেছেন বলে দাবি করেন তিনি। পাওনা টাকা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি আইনসম্মত কি না, জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





