তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। একই সঙ্গে তিনি বাংলাদেশের অষ্টম এভারেস্টজয়ীর গৌরব অর্জন করেছেন। বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে নুরুন্নাহার নিম্নি সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। অভিযান ব্যবস্থাপনা সংস্থা ‘8K Expedition’-এর অ্যাঙ তেম্বা শেরপা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: তিন যুগ পূর্তি উদযাপন করলো সংশপ্তক

এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবার কোনো বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন।

বিএমটিসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৫ মে নিম্নি ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করেন। পরে ক্যাম্প-৩ এবং ক্যাম্প-৪ অতিক্রম করে চূড়ান্ত অভিযানে অংশ নেন। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ পেরিয়ে বুধবার ভোরে তিনি এভারেস্টের শীর্ষে পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ান। তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।

আরও পড়ুন: শাহবাগের অসহায় গোলাপি বেগম পাচ্ছেন নতুন বাড়ি

নুরুন্নাহার নিম্নি গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এভারেস্ট অভিযানটির পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করে পূবালী ব্যাংক পিএলসি।

রংপুরে বেড়ে ওঠা নুরুন্নাহার নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার এই সাফল্যে বাংলাদেশের পর্বতারোহণে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা।