সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন রাশেদ খাঁন
‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, পত্রিকাটি ছেঁড়ার মাধ্যমে তিনি সংবাদমাধ্যমের বিরোধিতা করেননি; বরং তাঁর বিরুদ্ধে প্রকাশিত একটি কথিত ‘মিথ্যা ন্যারেটিভের’ প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ব্যাখ্যা দেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি।’ তাঁর অভিযোগ, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর রাজনৈতিক সমঝোতা হয়েছে—এমন বক্তব্য প্রকাশ করে ‘আমার দেশ’ পত্রিকা তাঁর বিরুদ্ধে অসত্য প্রচার করেছে।
আরও পড়ুন: সমালোচনার কড়া জবাব দিলেন রুমিন ফারহানা
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন। তাঁর কোনো বক্তব্য অপছন্দ হলে রাজনৈতিক প্রতিপক্ষ সমালোচনা করতে পারে এবং সেই সমালোচনাকে তিনি স্বাগত জানাবেন। তবে তাঁকে ‘নব্য বিএনপি’ বলা কিংবা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ তোলার অধিকার পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের নেই বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের বক্তব্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য তিনি সামনে এনেছিলেন। এর পাল্টা হিসেবে ‘আমার দেশ’ পত্রিকায় তাঁকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করে একটি বয়ান তৈরির চেষ্টা হয়েছে বলে তাঁর অভিযোগ।
আরও পড়ুন: সিনেমা বিশ্লেষণ থেকে চিত্রনাট্য, ফিচার ফিল্মে অভিষেক রাকিবের
তিনি বলেন, এ অভিযোগ জামায়াত বা দলটির কোনো নেতা করলে তিনি রাজনৈতিকভাবে জবাব দিতেন। কিন্তু তাঁর দাবি, ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর চেষ্টা হওয়ায় তিনি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে রাজনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছেন।
স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও বলেন, তিনি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারেন না। তাঁর ভাষ্য, ‘আমার দেশ’ পত্রিকাকে ব্যবহার করে জামায়াতের পক্ষে বয়ান তৈরি এবং কারও চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। পত্রিকা হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, ‘আমার দেশ’ এসব নীতিমালা অনুসরণ করে না।





