বিজিবির বিশেষ অভিযান,বড়লেখা সীমান্ত থেকে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে কতিপয় দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

আরও পড়ুন: ৯৯৯-এ ফোনের দুই ঘণ্টায় ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার, মিনিট্রাক জব্দ

প্রাপ্ত তথ্যের গুরুত্ব বিবেচনায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি টহলদল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরেকটি টহলদল সমন্বিতভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকটবর্তী দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকায় মালিকবিহীন ও লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার বাহারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক: ২৪টি টিউব (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত)

ডিটোনেটর: ২৩টি

ডিটোনেটর কর্ড: ১৫ মিটার

পাইপ গান: ৩টি

বিজিবি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চ বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে।