পুলিশ সদস্যদের আলাদা লাইনে তেল বিতরণের দাবি পুলিশ এসোসিয়েশনে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে জ্বালানি পাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য পৃথক লাইন বা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, ভিআইপি নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার মতো জরুরি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দ্রুত যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি পাম্পগুলোতে সাধারণ গ্রাহকদের দীর্ঘ লাইনের কারণে অনেক সময় পুলিশ সদস্যদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে জরুরি অভিযানে সাড়া দিতে বিলম্ব হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

এছাড়া, কিছু ক্ষেত্রে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলেও চিঠিতে দাবি করা হয়েছে। এমনকি কিছু ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সাবেক ডিআইজি আতিকার স্বামীর ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

প্রস্তাবনায় বলা হয়েছে, সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পগুলোতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পরিচয়পত্র যাচাই সাপেক্ষে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে।

অ্যাসোসিয়েশনের মতে, এই ব্যবস্থা কার্যকর হলে পুলিশ সদস্যদের সময় সাশ্রয় হবে এবং তারা আরও দ্রুত ও কার্যকরভাবে জনসেবা নিশ্চিত করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার, সম্পাদক পুলিশ পরিদর্শক মো. মনিরুল হক ডাবলু আইজিপি বরাবর এক আবেদনে এই দাবি জানান।