অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিটে এ পদায়ন কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সাবেক ডিআইজি আতিকার স্বামীর ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক
আদেশ অনুযায়ী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) বদলি করা হয়েছে।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১৬ জুন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।





