তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সদর দপ্তর
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২৭ জুন) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরাগ নদীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে পুলিশ কোনো তথ্য বা অভিযোগ পায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানানো হয়।
আরও পড়ুন: ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত
পুলিশ সদর দপ্তর জানায়, অপপ্রচার বা গুজব ছড়ানোর সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





