ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে এসেছে ৮৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স
চলতি ডিসেম্বর মাসের প্রথম ৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৫১ লাখ ডলার।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ৬১ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
আরও পড়ুন: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন
তিনি আরও জানান, গত ৭ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১,৩৯১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ১৮.৪০ শতাংশ বৃদ্ধি।
এর আগে গত নভেম্বর মাসে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙ্গে দেয়ার দাবি সাবেক পরিচালকদের নানা অনিয়মের অভিযোগ
গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩,০৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।





