শিক্ষার্থী রানা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ফার্মগেটে সতর্ক অবস্থানে পুলিশ
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একই সঙ্গে কলেজ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, তেজগাঁও কলেজের প্রধান ফটক, কলেজসংলগ্ন সড়ক, ফার্মগেটমুখী রাস্তা, আশপাশের গলি ও ফার্মগেট মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। এরপর আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি। তাদের দাবি, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে।
এ বিষয়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থী ফারহান আহমেদ বলেন, আমরা আজ ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। তবে পরিস্থিতি বিবেচনায় আপাতত ব্লকেড না করে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাবো। এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও কলেজ প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।
আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।





