মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির মোবাইল কোর্ট, দুই ভবন মালিককে জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামের নির্দেশনায় মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (৪ মার্চ) রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
অভিযান পরিচালনা করেন সংস্থাটির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
অভিযানে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচতলায় জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেলে বিল্ডিংয়ের মালিক খাতিজা বেগম গংকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবহেলা না করার জন্য সতর্ক করা হয়।
আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার
এ ছাড়া পাশের আরেকটি ভবনে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে মশার লার্ভা শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মশক নিধন কর্মীরা ওষুধ প্রয়োগ করে লার্ভা ধ্বংস করেন। একই সঙ্গে ভবনের কেয়ারটেকার মো. সুজনকে সতর্কতামূলকভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার মিজানুর রহমানসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার সদস্যরাও এ সময় দায়িত্ব পালন করেন।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, মশার প্রজনন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমে না রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।





