শাহজালালে বিমানের কার্গো থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

গত ২৮ মার্চ রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি-৩৪৮ বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবতরণের আগেই বিমানটিকে নজরদারিতে রাখা হয়।

আরও পড়ুন: পূর্বাচল ৩০০ ফিটে রাজউকের অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ

অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির এক পর্যায়ে বিমানের কার্গো হোল্ডে থাকা টয়লেটের একটি প্যানেল খুলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে, যার মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

আরও পড়ুন: রাড্ডায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বিধি অনুযায়ী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।