রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।
আরও পড়ুন: ‘ভইরা দে’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১৪ তলা ভবনটির ১২তম তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। আগুন যাতে ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীর ৫ হাজার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার
আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





