ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে নিয়ে ‘অপপ্রচারের’ অভিযোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী-১ এর অতিরিক্ত দায়িত্বে থাকা খন্দকার মাহবুব আলমকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমে তার বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খন্দকার মাহবুব আলম ২০০১ সালের নভেম্বরে তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগ দেন। চাকরিজীবনে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করে ২০১৪ সালের ২ অক্টোবর নির্বাহী প্রকৌশলী এবং ২০২০ সালের ২৫ জুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পান।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে তিনি ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ১০ মার্চ অফিস আদেশের মাধ্যমে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী-১ এর দায়িত্বও পালন করছেন তিনি।

তবে সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন, খন্দকার মাহবুব আলম অতিরিক্ত প্রধান প্রকৌশলী-১ পদে পদোন্নতি পাননি; তিনি বর্তমানে নিজ পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার

ডিএনসিসির একাধিক কর্মকর্তা খন্দকার মাহবুব আলমের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের প্রশংসা করেছেন বলে জানা গেছে। তাদের দাবি, একটি অসাধু চক্র সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

এ বিষয়ে খন্দকার মাহবুব আলম বলেন, গণমাধ্যমে তার সম্পর্কে প্রকাশিত কিছু তথ্য বিভ্রান্তিকর। তাকে হেয়প্রতিপন্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারে নেমেছে বলে তিনি দাবি করেন।

তিনি সাংবাদিকদের প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।