জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: আপত্তি-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত নারী আসন মিলিয়ে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। তাদের মধ্যে ৯ জন ভোটগ্রহণে অনুপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার বিকেলে ভোট গণনা শেষে সংসদ কক্ষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশন নবনির্বাচিত রাষ্ট্রপতির ফলাফল গেজেট আকারে প্রকাশ করে।





