উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের জরুরি অবতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ২:২৯ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার (৫ জুলাই) নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের দুই থেকে তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটির একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

পরিস্থিতি মূল্যায়ন করে পাইলট দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করেন।

তাৎক্ষণিকভাবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সে বিষয়ে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার

পরে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। ওই উড়োজাহাজে করে সকল যাত্রীকে নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট কারিগরি দল উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।